ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) সাম্প্রতিক ব্যর্থতার মাঝেই স্বস্তির খবর। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে ফিরছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মাইকেল ক্যারিক।
গত রবিবার বোর্নমুথের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ গোলে হারের ম্যাচে ব্রুনোকে প্রথম একাদশে রাখেননি ক্যারিক। এর আগে কোমোর কাছে ১-৪ গোলে হারের পর দলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন পর্তুগিজ তারকা। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে ক্যারিকের দাবি, সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ফুটবলীয়।
কোচের বক্তব্য, ব্রুনো ক্লাবের প্রতি দায়বদ্ধ এবং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে, টানা আট ম্যাচ জয়হীন ইউনাইটেডের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। দ্য অ্যাথলেটিকের সমীক্ষায় ৫৪.১ শতাংশ সমর্থক ক্যারিককে আরও সময় দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। কোচ পরিবর্তনের সম্ভাব্য তালিকায় উঠে এসেছে উনাই এমেরি ও আন্তোনিও কন্তের নাম। তবে দলের দুর্দশার জন্য ৭৪.৩ শতাংশ সমর্থক দায়ী করেছেন গ্লেজার পরিবারকে।







