জেলা

ভাগীরথীর বুকে নিখোঁজ যুবক! খুন না কি দুর্ঘটনা? ঘনীভূত রহস্যে তোলপাড় বহরমপুর

বহরমপুর শহরে ফের চাঞ্চল্য। স্নান করতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে গেল এক যুবক—ঘটনাটি দুর্ঘটনা না কি সুপরিকল্পিত খুন, তা ঘিরে ঘনাচ্ছে রহস্যের মেঘ। মঙ্গলবার রাতের অন্ধকারে বহরমপুর থানার ফরাসডাঙা ঘাটে ঘটেছে এই ঘটনা। জলে তলিয়ে যাওয়া যুবকের নাম হীরা শেখ (২৮), বাড়ি মুর্শিদাবাদ থানার শঙ্করপুরে।

পুলিশ সূত্রে খবর, হীরা শেখ ও তাঁর এক সঙ্গী সাজিবুল ইসলাম মোটরবাইকে চেপে বহরমপুর শ্মশানঘাটে পৌঁছায়। এরপর ফরাসডাঙা ঘাটে গিয়ে বসে তাঁরা দুজনে মদ্যপান করে বলে দাবি। এরপর ভাগীরথীর জলে নামে স্নানের উদ্দেশ্যে। আচমকা হীরা তলিয়ে গেলে, কোনও রকমে সাঁতরে তীরে ওঠে সাজিবুল।

বুধবার সকাল থেকে জেলায় বিপর্যয় মোকাবিলা দফতরের দল স্পিড বোট নিয়ে তল্লাশি চালালেও, এখনও পর্যন্ত হীরার খোঁজ মেলেনি।

তবে এখানেই মোড় নেয় ঘটনাটি। নিখোঁজ হীরার পরিবারের দাবি, এটি নিছক জলবিহারে দুর্ঘটনা নয়—খুন! হীরার দাদা কালাম শেখের অভিযোগ, “সন্ন্যাসীডাঙা থেকে সাজিবুল জেনে-শুনে ভাইকে ডেকে নিয়ে আসে, পরিকল্পনা করে তাকে হত্যা করেছে।”

পুলিশ এখন তদন্তে নেমেছে, খতিয়ে দেখা হচ্ছে সাজিবুলের বক্তব্য, খতিয়ে দেখা হচ্ছে পারিবারিক শত্রুতার সম্ভাবনাও।

ভাগীরথীর স্রোতের তলায় চাপা পড়ে যাচ্ছে এক যুবকের ভবিষ্যৎ—দেখার বিষয়, প্রশাসনের তল্লাশি আর তদন্ত মিলিয়ে সত্যি কোথা গিয়ে দাঁড়ায়। দুর্ঘটনা না খুন? উত্তর এখন নদীর গভীরেই হারিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.