জেলা

ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

হাসপাতালে ভুল রক্ত দেওয়ার অভিযোগ। আর সেই ঘটনার পর থেকেই ক্রমশ অবনতি হচ্ছিল শারীরিক অবস্থার। অবশেষে মৃত্যু হল জলপাইগুড়ির ৬১ বছর বয়সি বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার। বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনায় হাসপাতালের চার কর্মীকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার রক্তের গ্রুপ ছিল AB+। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যরা রক্তদাতার ব্যবস্থা করেন। অভিযোগ, তাঁকে AB+ রক্তের পরিবর্তে A+ রক্ত দেওয়া শুরু হয়। শরীরে কিছুটা রক্ত যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি পরিবারের নজরে আসতেই নার্সদের জানান তাঁরা। পরে রোগীকে CCU-তে স্থানান্তরিত করা হয়।
পরিবারের দাবি, এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দু’বার ডায়ালিসিসের পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। বুধবার একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।
মৃতের ভাইয়ের অভিযোগ, ভুল রক্ত দেওয়ার কারণেই তাঁর দাদার মৃত্যু হয়েছে। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এখন নজর স্বাস্থ্য দফতরের তদন্ত রিপোর্টের দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.