জেলা

১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা

পশ্চিমবঙ্গের জেলা মানচিত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। নতুন সুন্দরবন প্রশাসনিক জেলা গঠনের সিদ্ধান্ত ও তার প্রাথমিক রূপরেখা প্রায় চূড়ান্ত। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ নিয়ে তৈরি হবে এই নতুন জেলা। মোট ১৯টি ব্লককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও মথুরাপুরের পাশাপাশি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি-সহ একাধিক বিস্তীর্ণ এলাকা থাকবে।

সুন্দরবন অঞ্চলের অন্যতম বড় সমস্যা ভূমিক্ষয়, জমিতে লবণাক্ততার বৃদ্ধি, ঘূর্ণিঝড়, নদী ও সমুদ্রের বাঁধ ভেঙে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। নতুন জেলা তৈরি হলে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক কাজ আরও পরিকল্পিতভাবে করা সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নতুন জেলা গঠনের জন্য জেলাশাসকের কাছে প্রয়োজনীয় জমি চাওয়া হয়েছে। কাকদ্বীপে তৈরি হবে নতুন জেলার সদর দপ্তর। একই চত্বরে গড়ে তোলা হবে জেলাশাসকের কার্যালয়, জেলা পরিষদ অফিস-সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর। গোটা পরিকাঠামো তৈরি করতে আনুমানিক এক বছর সময় লাগতে পারে। অন্যদিকে, সল্টলেকে অবস্থিত সুন্দরবন উন্নয়ন দপ্তরের বর্তমান কার্যালয়টি ভবিষ্যতে শাখা অফিস হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, দীপঙ্কর জানার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সুন্দরবন অঞ্চলের সঙ্গে সরাসরি যোগ রয়েছে। তিনি কাকদ্বীপের বিধায়কও। ভৌগোলিক বৈশিষ্ট্যের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সুন্দরবনের অবস্থান একেবারেই স্বতন্ত্র। ফলে এই এলাকার জন্য পৃথক প্রশাসনিক কাঠামোর প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।

কাকদ্বীপে জেলা সদর দপ্তর তৈরি হলে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং ত্রাণ সংক্রান্ত কাজের উপর নজরদারি অনেক দ্রুত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সুন্দরবন জেলার অন্তর্গত সাগরদ্বীপে প্রতিবছর আয়োজিত হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ গঙ্গাসাগর মেলা। প্রশাসনিক সূত্রের হিসাব অনুযায়ী, বর্তমানে আলিপুর থেকে গোটা এলাকার কাজকর্ম পরিচালনা করতে গিয়ে অতিরিক্ত খরচ হয়। নতুন জেলা তৈরি হলে সেই ব্যয়ের পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হবে।

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক প্রয়োজনীয় জমি হস্তান্তর করলেই নতুন জেলা তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। পাশাপাশি মৎস্যজীবীদের নিরাপত্তা ও উন্নয়নের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন কন্ট্রোল রুম। শুধু মৎস্যজীবীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নজরে রাখার জন্য রাজ্য পুলিশের তরফে একটি পৃথক এমারজেন্সি সেলও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নতুন জেলা গঠনের মাধ্যমে সুন্দরবনের প্রশাসনিক কাজকর্ম ও উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.