অসম থেকে বিপুল আয়োজন করে বক্সায় ফিরিয়ে আনা হয়েছিল বাঘিনিকে। কিন্তু শেষ পর্যন্ত তাকে এনক্লোজারে আটকে রাখা সম্ভব হল না। ফের ঘেরাটোপ ভেঙে জঙ্গলে পালিয়ে গিয়েছে ‘ডুয়ার্সের রানি’। প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, আগের পথ ধরেই আবার অসমের দিকে এগোচ্ছে সে। তবে এবার বাঘিনিকে বাংলার জঙ্গলেই আটকে রাখতে তৎপর বন আধিকারিকরা। এরই মধ্যে তার শারীরিক অবস্থা ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বনদপ্তর সূত্রে খবর, বক্সায় নিয়ে আসার সময় বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল। গত ৩ নভেম্বর অসমে ঘুমপাড়ানি গুলি করে তাকে বশে আনার পর বিষয়টি আধিকারিকদের নজরে আসে বলে দাবি। অভিযোগ, এর জেরে বাঘিনির গর্ভে থাকা তিনটি শাবক, যাদের বয়স প্রায় তিন মাস, নষ্ট হয়ে গিয়েছে। যদিও বিষয়টি নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন বনকর্তারা।
বনদপ্তর সূত্রে খবর, বর্তমানে বক্সা টাইগার রিজার্ভের চুনিয়া ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় রয়েছে বাঘিনিটি। তার গতিবিধির উপর নজর রাখতে আশপাশের একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে কুনকি হাতি। পাশাপাশি রয়েছেন বনদপ্তরের আধিকারিকরাও। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, অসমের রাইমোনা বনাঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে বাঘিনিটি। অন্যদিকে, ভুটান সীমান্তের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। ফলে পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন বক্সা টাইগার রিজার্ভের কর্মীরা।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তিন বছর বয়সি বাঘিনিটিকে কাবু করা হয়েছিল। পরদিন, ৩০ সেপ্টেম্বর তাকে বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি একটি এনক্লোজারে রাখা হয়। এরপর ২ অক্টোবর তাকে মুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে এনক্লোজারের দরজা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু সেদিন বাইরে বেরোয়নি বাঘিনি। অবশেষে ৪ অক্টোবর এনক্লোজার ছেড়ে অসমের দিকে রওনা দেয় সে।
সঙ্কোশ নদী পেরিয়ে অসমের রাইমোনা বনাঞ্চলে পৌঁছে যায় বাঘিনিটি। এরপর গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় এলাকায় রাইমোনা বনাঞ্চল সংলগ্ন অঞ্চল থেকে ফের ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে ধরা হয়। সেখান থেকে আবার বক্সা টাইগার রিজার্ভের পুরনো এনক্লোজারে ফিরিয়ে আনা হয়। কিন্তু সেখানে ছ’দিন কাটানোর পর গত রবিবার ফের এনক্লোজার ভেঙে পালিয়ে যায় সে। এই সময়ের মধ্যেই বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বন আধিকারিকদের সামনে আসে বলে জানা গিয়েছে। তবে ততক্ষণে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে উঠেছে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (NTCA) প্রধান সঞ্জয় কুমার জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরেও এসেছে। বাঘিনির শারীরিক অবস্থা-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।







