জেলা

সল্প পুঁজিতে বিশ্বভ্রমণে পাড়ি দিলেন জলপাইগুড়ির গোপাল বর্ধন

কাজী নজরুল ইসলামের লেখা ছোটবেলার সেই অতিপরিচিত একটি কবিতার লাইন ” থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎ টাকে…”। বিশ্ব ভ্রমণের ইচ্ছে থাকে সকলেরই। কিন্তু তা সম্ভবপর নয় বলে মধ্যবিত্তের সেই ইচ্ছে চাপা পড়ে যায় হাজারও দায়িত্বের চাপে।সঙ্গ দেয় না যথেচ্ছ অর্থ। তবে জলপাইগুড়ি শহরের গোপাল বর্ধন এই ছোট্ট শহরের গন্ডী পেরিয়ে বিশ্বভ্রমণে পাড়ি দিয়ে ঘুরে এসেছেন ৫০ টি দেশ। জলপাইগুড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭৬ বছর বয়সী এই প্রবীন আজও ছেলে ছোকড়াদের হার মানায়। পেশায় দলিল লেখক হলেও বিশ্ব ভ্রমণই তার নেশা।

ঘরে ঢুকে বসার ঘরে গেলেই চোখে পড়ে আলমারি ভর্তি দেশ বিদেশের স্বারক। দেওয়ালে বাঁধিয়ে রাখা রয়েছে হাজারও স্মৃতি। চীন, আমেরিকা, সুইজারল্যান্ড , কানাডা, লন্ডন বাদ নেই কিছুই ।তার মুখ থেকেই জানা যায়, সুইজারল্যান্ডে গিয়ে কীভাবে হারিয়ে গিয়েছিলেন তিনি। পরে হোটেলের দায়িত্ব থেকে মুগ্ধও হয়েছিলেন বটে। হোটেল কর্তৃপক্ষই তাকে খুঁজে ফিরিয়ে আনে সঠিক ভাবে।

জানা গেল, ২০০৪ সাল থেকে তার দেশ ভ্রমণ শুরু হয়। পরিবারও বেশ উৎসাহ জুগিয়েছে। মাসের রোজগারের একটা অংশ তিনি বছরের শুরু থেকেই জমিয়ে রাখেন। তা দিয়েই চলে দেশ ভ্রমণের খরচা। সঙ্গী বলতে একাধিক গুঁড়ো দুধের কৌটো আর এক ঝোলা ভর্তি চিড়ে। সব দেশের খাবার মুখে না রুচলেও কানাডায় এক্কেবারে বাঙালি খাবারই চেখে দেখেছেন তিনি। পাড়ায় ভ্রমণবাবু নামেই বেশি পরিচিতি তার। শরীরে বয়সের থাবা বসাকেও দমেন নি এক্কেবারেই। শরীর খানিক সুস্থ হলেই ফের পাড়ি দিতে চান বিদেশের মাটিতে। আজও সময় পেলেই পাড়ার সকলে শুনতে আসেন বিদেশের কাহিনি। রবীন্দ্রনাথের ‘তাসের দেশের’ রাজপুত্রের মতো তিনি আবারও বলতে চান, ‘এলেম নতুন দেশে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.