অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত শতরান করে শিরোনামে বীরেন্দ্র শেহওয়াগ-পুত্র আর্যবীর। তবে তাঁর এই সাফল্যের পাশাপাশি নতুন করে আলোচনায় উঠে এসেছে বিরাট কোহলির পাঁচ বছর আগের একটি ভিডিও। যেখানে খোশমেজাজে কথোপকথনের মাঝে ছোট্ট আর্যবীরকে বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। জুনিয়র শেহওয়াগের দুর্দান্ত ইনিংসের পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই পুরনো ভিডিয়ো।
একসময় দিল্লির হয়ে একই দলের জার্সিতে খেলেছেন বিরাট কোহলি ও বীরেন্দ্র শেহওয়াগ। জাতীয় দলের হয়েও একসঙ্গে বহু স্মরণীয় ম্যাচে অংশ নিয়েছেন তাঁরা। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শেহওয়াগ-পুত্র আর্যবীর সাক্ষাৎকার নিচ্ছে কোহলির। তখন তার বয়স মাত্র ১৪ বছর। সাক্ষাৎকারে আর্যবীর কোহলিকে প্রশ্ন করে, ছোটবেলায় তিনি নাকি শেহওয়াগের সঙ্গে দেখা করার জন্য ভীষণ আগ্রহী ছিলেন। সেই প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানতে চায় সে। উত্তরে কোহলি জানান, দিল্লির কোচের মাধ্যমেই প্রথমবার বীরুর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই মুহূর্তের ছবিও এখনও তাঁর কাছে রয়েছে।
এরপর আর্যবীর কোহলিকে মনে করিয়ে দেয়, একসময় মাত্র ১৪-১৫ বছর বয়সে আশিস নেহরার হাত থেকে পুরস্কার পেয়েছিলেন তিনি। অথচ পরবর্তী সময়ে সেই নেহরাই তাঁর অধিনায়কত্বে খেলেছেন। এই প্রসঙ্গে কোহলির জবাব ছিল, “এই জন্যই আমি সবসময় বলি, আমি ঠিক পারব।” অর্থাৎ আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি এবং অধ্যবসায় থাকলে জীবনে অনেক কিছুই অর্জন করা সম্ভব। মজার ছলেই কথাটি বলেছিলেন কোহলি।
পাঁচ বছর পর আর্যবীরের ব্যাটে শতরান আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে সেই কথোপকথন। শেহওয়াগের পরিচিত নাম ‘নজফগড়ের নবাব’। সেই সূত্র ধরেই অনুষ্ঠানে আর্যবীরকে ‘ছোটে নবাব’ বলে সম্বোধন করা হয়েছিল।
উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়সে আশিস নেহরার কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি। পরবর্তীতে ২০১৭ সালে দিল্লিতে নেহরার কেরিয়ারের শেষ ম্যাচে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বেও ছিলেন তিনি। এবার শেহওয়াগ-পুত্রের সাফল্যের সঙ্গে জুড়ে গেল কোহলির সেই পুরনো স্মৃতিও।







