মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম সফরে শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফর ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসন ও পুলিশের তরফে। তারাপীঠে পুজো থেকে প্রশাসনিক বৈঠক—একদিনের সফরে রয়েছে একাধিক কর্মসূচি। সাম্প্রতিক কয়েকটি ঘটনা ঘিরে যখন বীরভূমের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা তুঙ্গে, তখন মুখ্যমন্ত্রীর সফরে কী বার্তা উঠে আসে, সেদিকেই নজর সকলের।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে হেলিকপ্টারে তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে নামার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে যাবেন তারাপীঠ মন্দিরে। সেখানে মা তারার পুজো দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর পুজো ঘিরে মন্দির চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তৈরি করা হয়েছে পৃথক নিরাপত্তা বলয়।
তারাপীঠের কর্মসূচি শেষ করে রামপুরহাটে যাওয়ার কথা শুভেন্দুর। সেখানে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি।
এরপর রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। জেলার উন্নয়ন, প্রশাসনিক কাজকর্ম এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব বীরভূমে। রাস্তার দু’ধার পরিষ্কার করার পাশাপাশি লাগানো হয়েছে ব্যানার ও ফ্লেক্স। তারাপীঠ মন্দিরের শ্মশান চত্বরেও চালানো হয়েছে সাফাই অভিযান। নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা পুলিশের পাশাপাশি পাশের জেলা থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ফলে পুজো, রাজনৈতিক বার্তা এবং প্রশাসনিক পর্যালোচনা—তিন দিক থেকেই মুখ্যমন্ত্রীর প্রথম বীরভূম সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।







