৬০ বছর আগে বিজ্ঞানীরা যে তারিখের কথা বলেছিলেন, ক্যালেন্ডারের পাতায় এসে হাজির সেই দিন! আজ ১৩ নভেম্বর ২০২৬। ছয় দশক আগে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই দিনটিকেই ‘ডুমসডে’ বা পৃথিবীর বিপর্যয়ের দিন হিসেবে উল্লেখ করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভবিষ্যদ্বাণী ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল। তবে কি আজই ঘটতে চলেছে পৃথিবীর শেষ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা?
১৯৬০ সালের ৪ নভেম্বর বিজ্ঞান পত্রিকা ‘সায়েন্স’-এ প্রকাশিত হয়েছিল একটি গবেষণাপত্র। শিরোনাম ছিল ‘ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩, এ.ডি. ২০২৬’। পদার্থবিজ্ঞানী হেইনজ় ভন ফরেস্টার, প্যাট্রিশিয়া এম মোরা এবং লরেন্স ডব্লিউ আমিওটের লেখা ওই গবেষণাপত্রে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চাঞ্চল্যকর হিসাব তুলে ধরা হয়েছিল।
গবেষকদের দাবি ছিল, যে হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, সেই প্রবণতা অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যেই জনসংখ্যা ২৫০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এমনকী, তাঁদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বরের মধ্যে জনসংখ্যা অসীমের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা!
কিন্তু কেন এমন আশঙ্কা করেছিলেন বিজ্ঞানীরা? গবেষণায় ৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত জনসংখ্যার পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছিল। তাঁদের নজরে আসে, পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ক্রমশ কমছে। সেই প্রবণতার ভিত্তিতেই তৈরি হয়েছিল বিশেষ গাণিতিক মডেল।
তবে বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা। ১৯৯৩ সালের পর থেকেই জনসংখ্যা বৃদ্ধির হার বিজ্ঞানীদের পূর্বাভাসের তুলনায় কমতে শুরু করে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮২০ কোটি। রাষ্ট্রপুঞ্জের হিসাবেও জনসংখ্যা বৃদ্ধির গতি আগের তুলনায় অনেকটাই কমেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গবেষণাপত্রে আজকের দিনে পৃথিবী ধ্বংস হওয়ার কোনও ভবিষ্যদ্বাণী করা হয়নি। বরং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। তাই ১৩ নভেম্বর নিয়ে যতই রহস্য তৈরি হোক, পৃথিবী ধ্বংস হওয়ার কোনও বৈজ্ঞানিক আশঙ্কা নেই। তাহলে ছয় দশক আগের সেই ‘ডুমসডে’ তত্ত্ব কি শুধুই ভুল গাণিতিক হিসাব? নাকি তার মধ্যে লুকিয়ে ছিল মানবসভ্যতার জন্য এক গভীর সতর্কবার্তা?







