ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অবস্থিত দেশের প্রাচীনতম গুরুদ্বার ‘গুরুদ্বার খালসা দিওয়ান’-এর পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। মঙ্গলবার এই ঐতিহাসিক গুরুদ্বারের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের পর তিনি জানান, শতাব্দীপ্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠানের পুনর্নির্মাণের সূচনায় অংশ নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
তিনদিনের সফরে সোমবার ফিলিপিন্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার গুরুদ্বারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপিন্সের সেনেটর ফ্রান্সিস জোসেফ এসকুদেরো, ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরেনো-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এই উপলক্ষে বিদেশ মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, এক শতাব্দীরও বেশি সময় ধরে ভারত ও ফিলিপিন্সের সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে রয়েছে খালসা দিওয়ান গুরুদ্বার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, প্রাচীন এই গুরুদ্বার আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এক্স হ্যান্ডেলে তিনি আরও উল্লেখ করেন, গুরু সাহিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিখ সম্প্রদায় বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা করেছে। মানবসেবা, পরোপকার এবং সুন্দর সমাজ গঠনে তাঁদের অবদান উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রী আরও জানান, ফিলিপিন্সের প্রাচীনতম গুরুদ্বার হিসেবে খালসা দিওয়ানের বিশেষ ঐতিহাসিক মর্যাদা রয়েছে। ম্যানিলার শিখ সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর মানুষের কাছেও এটি আধ্যাত্মিক চর্চা, সংস্কৃতি এবং জনকল্যাণমূলক কাজের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
উল্লেখ্য, ১৯০১ সালে গুরুদ্বারটির প্রতিষ্ঠা হয়। ১৯০৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়েছিল। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯২৪ সালে প্রতিষ্ঠানটি ‘খালসা দিওয়ান’ নামে নিবন্ধিত হয়।
প্রসঙ্গত, ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতেই ফিলিপিন্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে শুরু হয়েছে তাঁর তিনদিনের এই সফর। দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।







