অফবিট

বিয়ের পর প্রথম কার্তিক পুজো, হঠাৎ বাড়ির দরজায় কার্তিক ঠাকুর! কীভাবে করবেন পুজোর আয়োজন?

দরজা খুলতেই চোখে পড়ল বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ঠাকুর! কার্তিক পুজোর আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি, এমন নবদম্পতির সংখ্যা বোধহয় খুবই কম। শেষ মুহূর্তে বাড়িতে কার্তিক ঠাকুর এসে পড়লে স্বাভাবিকভাবেই পুজোর আয়োজন নিয়ে চিন্তায় পড়েন অনেকে। কিন্তু দেব সেনাপতিকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না! তাই আচমকা বাড়িতে কার্তিক ঠাকুর এলে কীভাবে সহজেই পুজোর ব্যবস্থা করবেন, জেনে নিন।

কার্তিক ঠাকুর বাড়িতে রেখে গেলে প্রথমেই শ্রদ্ধার সঙ্গে মূর্তিটি ঘরে তুলে আনুন। এরপর পরিষ্কার পোশাক পরে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করে নিন। গঙ্গাজল ছিটিয়ে পুজোর জায়গা শুদ্ধ করে নিন।

এরপর কার্তিক ঠাকুরের মূর্তির পাশে একটি বাঁশি, ছোট তির-ধনুক এবং ময়ূরের পালক রাখতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এতে সংসার থেকে নেতিবাচক প্রভাব দূর হয়। পুজোয় লাল রঙের ফুল নিবেদন করতে ভুলবেন না। পাশাপাশি দেবতার উদ্দেশে পায়েস ভোগ দেওয়ার রীতিও রয়েছে।

পুজোর দিনে সামর্থ্য অনুযায়ী অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পারেন। তাদের ফল কিংবা খেলনা উপহার দেওয়ার মাধ্যমেও আনন্দ ভাগ করে নেওয়া যায়। এছাড়া কার্তিক পুজোর সন্ধ্যায় তুলসীমঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালানোর রীতিও প্রচলিত রয়েছে।

পুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছিল কার্তিকের। সেই সূত্রেই তাঁর নাম কার্তিক। স্কন্দপুরাণের কাহিনি অনুসারে, ব্রহ্মার বরপ্রাপ্ত অসুর তারকাসুরকে বধ করার উদ্দেশ্যেই কার্তিকের আবির্ভাব। দেবতাদের কাছ থেকে শক্তি লাভ করে তারকাসুরকে পরাজিত করেন তিনি। এরপরই দেবতাদের সেনাপতির মর্যাদা পান কার্তিক। সুদর্শন ও বীরত্বের প্রতীক হিসাবেই পরিচিত দেব সেনাপতি।

প্রচলিত বিশ্বাস অনুসারে, কার্তিক পুজো করলে সন্তানসুখ লাভ হয়। সেই কারণেই সন্তান কামনায় বহু দম্পতি এই পুজো করে থাকেন। পাশাপাশি কার্তিকের আরাধনায় সংসারে সমৃদ্ধি আসে, ধনসম্পত্তি বৃদ্ধি পায় বলেও বিশ্বাস করেন অনেকে। বাংলার বিভিন্ন প্রান্তে আবার ফসলের রক্ষাকর্তা হিসাবেও পূজিত হন কার্তিক ঠাকুর।

সাধারণত বাড়ির পুজো হিসাবেই কার্তিক পুজোর প্রচলন বেশি। তবে বাংলার কয়েকটি জায়গায় এই পুজো ঘিরে বিশেষ উন্মাদনা দেখা যায়। বিশেষ করে বাঁশবেড়িয়া, চুঁচুড়া ও কাটোয়ায় ধুমধাম করে বারোয়ারি কার্তিক পুজোর আয়োজন করা হয়। ফলে বাড়িতে আচমকা কার্তিক ঠাকুর এসে পড়লেও চিন্তার কিছু নেই, নিয়ম মেনে ভক্তিভরে আয়োজন করতে পারেন দেব সেনাপতির আরাধনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.