পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় এক শিখ মালিকানাধীন রেস্তোরাঁয় হালাল মাংস পরিবেশন না করার নীতি এবং সামাজিক মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। শুক্রবার রাতে হারমান সিং কাপুরের মালিকানাধীন ‘সিং’স ডাইনিং’ (পূর্বনাম রংগ্রেজ) রেস্তোরাঁর সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত হয় রেস্তোরাঁর সামনে “গর্বের সাথে নন-হালাল” (Proudly non-halal) লেখা একটি সাইনবোর্ড এবং মালিক হারমান সিং কাপুরের ইসলাম ও গাজা সংঘাত নিয়ে দেওয়া কিছু বিতর্কিত সামাজিক মাধ্যম পোস্টকে ঘিরে। শুক্রবার রাতে বিক্ষোভকারীরা রেস্তোরাঁর সামনে জড়ো হয়ে তা বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোপলিটন পুলিশ রেস্তোরাঁর সামনে অবস্থান নেয়।
তবে এই বিক্ষোভের মাত্র কয়েক ঘণ্টা আগেই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। একটি চরমপন্থী ছবি রাখা ও ছড়ানোর সন্দেহে পুলিশ ৫৪ বছর বয়সী মালিক হারমান সিং কাপুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রী খুশি একাই রেস্তোরাঁয় থেকে বিক্ষোভের মুখোমুখি হন। কাপুর অভিযোগ করেছেন যে, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে হত্যার হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন এবং পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি।
এদিকে, পুলিশের পর্যাপ্ত সুরক্ষা না পাওয়ার অভিযোগের মধ্যে রেস্তোরাঁটির পাশে দাঁড়িয়েছেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা জন ক্লিজ। তিনি নিজ খরচে রেস্তোরাঁটি রক্ষার জন্য বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করেন, যার জন্য কাপুরের স্ত্রী তাকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে লন্ডন জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







