অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক হোয়াইটওয়াশ রোধে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট জ্বলে উঠলেও, দুই মহারথীর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। অধিনায়ক শুভমান গিলের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনাই আরও তীব্র হয়েছে। সিডনি জয়ের পর গিল জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই সিদ্ধান্ত হতে পারে ‘রো-কো’র পরবর্তী পরিকল্পনা নিয়ে।
৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ, এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর। দুই সিরিজের মাঝে সাত সপ্তাহের বিরতি। এই সময়েই হতে পারে ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভের ভবিষ্যৎ নির্ধারণ। কারণ একই সময়ে অনুষ্ঠিত হবে বিজয় হাজারে ট্রফি— ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট, যা শেষ হবে কিউই সিরিজ শুরুর ঠিক আগেই। ক্রিকেটমহলের ধারণা, বিরাট ও রোহিতকে সেখানে দেখা গেলে তাঁরা শুধু ফর্ম ধরে রাখবেন না, বরং তরুণদেরও অনুপ্রাণিত করবেন।
গিল অবশ্য স্পষ্ট করেছেন, দলের সিনিয়রদের ভূমিকা এখনও অমূল্য। তিনি বলেন, “ওরা ১৫ বছর ধরে দলকে এগিয়ে নিয়ে চলেছেন। বাইরে থেকে তাঁদের ব্যাটিং দেখা মানে এক অসাধারণ অনুভূতি। বল ব্যাটে লাগার সঙ্গে সঙ্গে উড়ে যায়— সেটাই রোহিত- বিরাটের পরিচয়।”
তবে প্রশ্ন থেকেই যায়— দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নির্বাচকরা কি নতুন অধ্যায় শুরু করবেন, নাকি আবারও নির্ভর করবেন ‘রো-কো’র অমূল্য অভিজ্ঞতার উপর? আপাতত ক্রিকেটবিশ্বের চোখ সেই ডিসেম্বরের দিকেই।







