খেলাধুলা

ইডেনের গ্যালারিতে বেটিং, হাতেনাতে ধরা পড়ল ভিন রাজ্যের তিন যুবক

ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচকে ঘিরে চলছিল দর্শকদের উন্মাদনা, কিন্তু সেই সুযোগে মাঠের গ্যালারিতে বসেই মোবাইলে বেটিং চক্র চালাচ্ছিল ভিন রাজ্যের তিন যুবক। বিশেষ সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দারা হানা দিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছেন।

ধৃত তিন যুবকের নাম হলো আলতাফ খান (মহারাষ্ট্র), অঙ্কুশ রাজ (বিহার) এবং পাটেল পিঙ্কল কুমার (গুজরাট)। পুলিশ জানিয়েছে, শনিবার যখন ইডেনে টেস্ট ম্যাচ চলছিল, তখন গ্যালারির ‘এফ ১’ ব্লকে বসে এই তিনজন মোবাইলে বেটিংয়ের কাজ চালাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা এবং গুন্ডাদমন শাখার আধিকারিকরা সরাসরি মাঠে গিয়ে এফ১ ব্লকে হানা দেন এবং তিন যুবককে ধরে ফেলেন। তাদের মোবাইল পরীক্ষা করে দেখা যায়, তারা একাধিক অ্যাপ ব্যবহার করে এই বেটিং চক্র চালাচ্ছিল।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ইডেন টেস্টকে ঘিরে একটি বড় বেটিং চক্র সক্রিয় ছিল এবং এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। পুলিশ এখন ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছে।

উল্লেখ্য, প্রায় ৬ বছর পর ইডেনে টেস্ট ম্যাচের আসর বসেছিল, যার জন্য দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ ছিল। প্রতিদিন ২৫ হাজারেরও বেশি দর্শক খেলা দেখতে এসেছিলেন। যদিও এই টেস্ট ম্যাচ মাত্র আড়াই দিনেই শেষ হয়ে যায়, যেখানে প্রোটিয়াদের দেওয়া ১২৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতীয় দল মাত্র ৯৩ রানে অলআউট হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.