রাজনীতি

১১৫ কোটির দুর্নীতির তদন্তে নয়া মোড়, এ বার পুলিশের নজরে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ঘিরে দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এ বার তদন্তকারীদের নজরে তাঁর স্ত্রী মধুছন্দা সেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই মধুছন্দাকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। তাই সরাসরি হেফাজতে নেওয়ার সুযোগ নেই তদন্তকারীদের। এই পরিস্থিতিতে কীভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়, তা নিয়ে আইনি পরামর্শ খতিয়ে দেখছে লালবাজার।

মধুছন্দাকে থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হবে, নাকি তদন্তকারীরা তাঁর বাড়িতে গিয়ে কথা বলবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগাম জামিনের শর্ত ও আইনি বিধিনিষেধ মেনেই পরবর্তী পদক্ষেপ করতে চাইছেন গোয়েন্দারা।

তদন্তের সূত্রে উঠে এসেছে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার নাম। ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর এই সংস্থাটি তৈরি হয়। অভিযোগ, ইউনেস্কোর অনুমোদন এবং বাণিজ্যিক চুক্তির কথা বলে বেআইনিভাবে পুজোর পাস বিক্রি করা হয়েছিল। যদিও এমন কোনও চুক্তির অস্তিত্ব অস্বীকার করেছে ইউনেস্কো। এই সংস্থার সঙ্গে মধুছন্দা সেন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে তদন্তকারীদের দাবি।

অন্যদিকে, আর্থিক লেনদেনের সূত্র খুঁজতে ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাঁদের মেয়ের অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেন হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

তদন্তকারীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, পুজো ও টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অঙ্ক ১১৫ কোটি টাকা ছাড়িয়েছে। এই মামলায় সংগৃহীত নথি, ব্যয়ের হিসাব এবং আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে বুধবার গভীর রাত পর্যন্ত ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই এ বার তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.