ক্রাইম

গতি নাকি ক্ষমতার দম্ভ? কানপুরে ‘কিসান ইউনিয়ন’ লেখা থারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু, কাঠগড়ায় ইতালি ফেরত তরুণী!

উত্তরপ্রদেশের কানপুরে এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৫ বছর বয়সী এক এলআইসি এজেন্ট। অভিযোগ, ইতালি প্রবাসী এক তরুণীর বেপরোয়া গতির মাহিন্দ্রা থার এসইউভি সজোরে ধাক্কা মারে ওই ব্যক্তির স্কুটারে, এবং তাঁকে প্রায় ২০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ঘটনার পর অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হলেও, পরবর্তীতে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সন্তোষ সিং চৌহান। তিনি পানকির স্বরাজ নগরের বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধ্যায় স্ত্রীর জন্য একটি শাড়ি কিনতে তিনি বাড়ি থেকে বের হন। কেনাকাটা সেরে যখন তিনি বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই কল্যাণপুরের আবাস বিকাশ ৩ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিজের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরেই কাল হয়ে দাঁড়ায় ঘাতক থার গাড়িটি।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক থার গাড়িটির গতি এতোটাই বেশি ছিল যে স্কুটারে ধাক্কা মারার পর সন্তোষবাবু এবং তাঁর স্কুটারটিকে প্রায় ২০ মিটার টেনে নিয়ে যায়। এরপর গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা মেরে আটকে যায়। দুর্ঘটনার তীব্রতায় সন্তোষবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাঁর ছেলে রাহুল এসে বাবার মৃতদেহ শনাক্ত করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই থার গাড়ির ভেতরে দুজন তরুণী এবং একজন যুবক ছিলেন। দুর্ঘটনার পর তাঁরা গাড়ি থেকে নেমে চিৎকার করতে শুরু করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে অন্য একটি গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন তাঁরা।
গাড়িতে লেখা ‘কিসান ইউনিয়ন’, তদন্তে পুলিশ
পুলিশ ঘাতক থার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে পড়ে থাকা দুটি হেলমেটও। অবাক করার মতো বিষয় হলো, বিলাসবহুল ওই গাড়িটির সামনে লেখা ছিল ‘কিসান ইউনিয়ন’ এবং পেছনে লেখা ছিল ‘কৃষ্ণা গ্রুপ’।
তদন্তকারী পুলিশ অফিসার কেশব তিওয়ারি জানিয়েছেন, গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার আসল রূপ এবং গাড়ির গতিবেগ খতিয়ে দেখতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানতে তদন্ত জারি রেখেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.