ক্রাইম

উত্তর কলকাতায় নাবালিকাকে অপহরণ করে জোর করে বিয়ের চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় নাবালিকাকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। টানা ২৪ ঘণ্টার মধ্যে শহরে দ্বিতীয় অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু নাবালিকা বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ, এরপর গত ১৯ জুলাই বিকেল প্রায় ৫টা নাগাদ কয়েকজন সহযোগীকে নিয়ে যুবকটি জোর করে নাবালিকাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা জোড়াবাগান থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড় থানার সলপ মোড় এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এবং তাঁর বয়ানও রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখযোগ্যভাবে, এর ঠিক একদিন আগেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে এক আইটি কর্মীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ফোনের লোকেশন ট্র্যাক করে নদিয়া থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পরপর অপহরণের ঘটনায় কলকাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, দুই ঘটনাতেই দ্রুত পদক্ষেপ করে ভুক্তভোগীদের উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তদন্ত এখনও চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.