গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। হাসপাতালগুলিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণ করতে এবার অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক, নার্সিং স্টাফ এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, গ্রামীণ হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। সেই ঘাটতি মেটাতেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, নতুন করে গঠন করা হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে এই বোর্ডে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রাধান্য ছিল। তবে নতুন সরকার বোর্ডের কাঠামোয় পরিবর্তন এনেছে। তাঁর বক্তব্য, এবার নির্দিষ্ট চেয়ার বা পদকে গুরুত্ব দিয়েই নিয়োগের দায়িত্ব দেওয়া হবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে এবং দুর্নীতির কোনও সুযোগ থাকবে না।
মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ২ হাজারের বেশি চিকিৎসক, ১০ হাজারেরও বেশি নার্সিং স্টাফ এবং ৪০ থেকে ৫০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আগামীকাল স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হওয়ার কথা। আগামী দু’দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক কাজ শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর ব্যাখ্যা, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী চিকিৎসক নিয়োগ করতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। অন্যদিকে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নার্সিং স্টাফ ও স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হতে ছয় থেকে আট মাস সময় লাগবে। তাই স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে চিকিৎসক ও নার্সিং স্টাফ নিয়োগ করা হবে।
মন্ত্রী আরও জানিয়েছেন, নতুন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নির্দিষ্ট পদে যিনি দায়িত্বে থাকবেন, নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও তাঁর উপরেই থাকবে। সরকারের লক্ষ্য, দ্রুত শূন্যপদ পূরণ করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক ও সচল রাখা।







