টাকার লোভে নিজের ১৫ বছরের নাবালিকা মেয়েকে বিক্রির অভিযোগে উত্তরাখণ্ডের দেরাদুনে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেড় লক্ষ টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করেন। পরে পুরো টাকা না পেয়ে মেয়ের অপহরণের ভুয়ো অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে রাজপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৩৭(২) ধারায় মেয়ের অপহরণের অভিযোগ করেন ওই মহিলা। তদন্তে নেমে পুলিশ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে নাবালিকাকে উদ্ধার করে এবং মনীশ ও লভি কুমার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
জেরায় জানা যায়, পিঙ্কি মালিক নামে এক মহিলার মাধ্যমে লভি কুমার দেড় লক্ষ টাকায় নাবালিকাকে কিনেছিল। পরে তাকে ২ লক্ষ টাকায় মনীশের কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ। তদন্তের ভিত্তিতে পিঙ্কি মালিক ও নাবালিকার মাকেও গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে নাবালিকার মা স্বীকার করেন, তিনি মাত্র ৮০ হাজার টাকা পাওয়ায় বাকি টাকার জন্য চাপ সৃষ্টি করতে অপহরণের মিথ্যা অভিযোগ করেছিলেন। মানবপাচারের এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।







