সম্পর্ক ভেঙে যাওয়ার আক্রোশ মেটাতে প্রাক্তন লিভ-ইন সঙ্গিনীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, একটি কুকুরকে ফাঁস দিয়ে ঝুলিয়ে মারার পর প্রাক্তন প্রেমিকাকে ভিডিও কল করে সেই দৃশ্য দেখান অভিযুক্ত। শনিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে আটক করেছে যাদবপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্রমগড়ের একটি ভাড়া ফ্ল্যাটে পেশায় ডিজে (DJ) এক তরুণীর সঙ্গে থাকতেন সঞ্জীব। সম্প্রতি সম্পর্ক ভেঙে যাওয়ায় ওই তরুণী নিজের দুটি পোষা কুকুর সঞ্জীবের কাছে রেখে ফ্ল্যাট ছেড়ে চলে যান। শনিবার বিকেলে সেই রাগেই সঞ্জীব একটি কুকুরকে ফাঁস দিয়ে ঝুলিয়ে মারেন এবং অন্য কুকুরছানাটিকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করেন।
ভিডিও কলে কুকুর ঝুলিয়ে রাখার দৃশ্য দেখে আতঙ্কিত তরুণী দ্রুত স্থানীয় এক পরিচিতকে ফ্ল্যাটে পাঠান। প্রতিবেশীরা ফ্ল্যাটে ঢুকে মেঝেতে রক্তের দাগ ও কুকুর দুটির নিথর দেহ দেখতে পান। সে সময় অভিযুক্ত রান্নাঘরে জল গরম করছিলেন, যা দেখে প্রমাণ লোপাট বা আরও নৃশংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান অভিনেত্রী দেবলীনা দত্ত এবং পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। দেবলীনা দত্ত জানান, অভিযুক্ত সঞ্জীব নির্বিকারভাবে প্রতিশোধ নেওয়ার কথা স্বীকার করেছেন এবং তাঁর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
পশুপ্রেমীদের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং কুকুর দুটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।







