ক্রাইম

গুয়াহাটিতে হাড়হিম করা কাণ্ড: মাকে ধারালো অস্ত্রে কুপিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্রেণির ছাত্রের

আসামের গুয়াহাটিতে এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে বহুতল থেকে লাফ দিয়ে আত্মহত্যা, নবম শ্রেণির ছাত্রর। শুক্রবার ১৩ নভেম্বর রাতে গুয়াহাটির বামুনিময়দান এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার পুলিশের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর গুয়াহাটির গীতানগরের একটি বেসরকারি স্কুলের (গুরুকুল) নবম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার রাতে বামুনিময়দানের পূর্ব জ্যোতিনগরের হলদি মিল এলাকায় অবস্থিত নিজ বাসভবনে সে তার ৫০ বছর বয়সী মা চন্দ্রানী কলিতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মায়ের ঘাড় ও মাথায় গুরুতর জখম হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর চন্দ্রানী কলিতা ওই বাড়ির দোতলায় তার ছেলেকে নিয়ে বসবাস করতেন। একই ভবনের নিচতলায় চন্দ্রানীর বৃদ্ধা মা এবং বড় মেয়ে থাকতেন।
মাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে কিশোরটি ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে তার স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে মায়ের ওপর হামলার কথা জানিয়ে একটি বার্তা পোস্ট করে। সেখানে সে সহপাঠী ও অন্যদের কাছে তাদের বাড়ির ঠিকানা খুঁজে বের করে দ্রুত তার আহত মাকে সাহায্য করার অনুরোধ জানায়।
হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর কিশোরটি শহরের এবিসি এলাকায় চলে যায় এবং সেখানে ‘ময়ূর গার্ডেন’ নামক একটি বহুতল আবাসিক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় চন্দ্রানী কলিতাকে উদ্ধার করে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (GMCH) ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কী কারণে নবম শ্রেণির একজন ছাত্র নিজ মায়ের ওপর এমন নৃশংস হামলা চালাল এবং পরবর্তীতে আত্মহত্যার পথ বেছে নিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.