শিক্ষা

নিয়োগের শেষ ধাপে এসএসসির নজরে ১৬ অযোগ্য প্রার্থী, বাদ দিয়েই প্রকাশিত ইন্টারভিউয়ের নয়া তালিকা

ঠিক যেন গোললাইন থেকে বল ফিরিয়ে দেওয়া! কড়া নজরদারি থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় জায়গা করে নিয়েছিলেন একাধিক অযোগ্য প্রার্থী। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষায় বসা থেকে শুরু করে প্রাথমিক মেধাতালিকায় নাম ওঠা, প্রতিটি ধাপেই নজরদারি এড়িয়ে এগিয়ে গিয়েছিলেন তাঁরা। তবে শেষ মুহূর্তে তাঁদের চিহ্নিত করল স্কুল সার্ভিস কমিশন। মোট ১৬ জন অযোগ্য প্রার্থীকে বাদ দিয়েই প্রকাশ করা হয়েছে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ইন্টারভিউয়ের সংশোধিত তালিকা।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি নিয়োগের তালিকায় চারজন অযোগ্য প্রার্থীর নাম ছিল। অন্যদিকে, গ্রুপ ডি নিয়োগের তালিকায় জায়গা করে নিয়েছিলেন আরও ১২ জন। অর্থাৎ, দুই বিভাগ মিলিয়ে মোট ১৬ জনকে চিহ্নিত করেছে কমিশন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রার্থীদের নাম ২০১৬ সালের এসএলএসটি-তে অযোগ্যদের তালিকাতেও ছিল। পাশাপাশি, সিবিআইয়ের তৈরি ওএমআর শিটে নম্বর সংক্রান্ত অনিয়মের তালিকাতেও তাঁদের নামের উল্লেখ রয়েছে।

শেষ পর্যায়ে এসে ওই ১৬ জনকে চিহ্নিত করা গেলেও, কমিশনের নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে যাচাইয়ের এতগুলি ধাপ পেরিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেলেন তাঁরা? আরও কোনও অযোগ্য প্রার্থী কি আবেদন করেছিলেন? পরবর্তী যাচাই পর্বেও কি নতুন করে এমন প্রার্থীদের নাম সামনে আসতে পারে? এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় কি কোনওভাবে জটিলতা তৈরির চেষ্টা চলছে? ১৬ জনের নাম প্রকাশ্যে আসতেই এই সমস্ত প্রশ্ন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.