কলকাতা

সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা, এনকাউন্টারের ভয় দেখিয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ স্ত্রী সুস্মিতা

পুলিশি হেফাজতে স্বামী সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্ত্রী সুস্মিতা ঘোষ। যে কোনও মুহূর্তে তাঁকে এনকাউন্টার করা হতে পারে বলে আশঙ্কা তাঁর। এই অভিযোগ জানিয়ে শুক্রবার রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন সুস্মিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারকে একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি কয়েকটি থানার ওসি ও আইসি-কেও নোটিস পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে গোটা বিষয়ে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মানবাধিকার কমিশনে জমা দেওয়া অভিযোগপত্রে সুস্মিতার দাবি, নতুন কোনও মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ফের পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে। এরপর পরিকল্পিতভাবে এনকাউন্টারের ঘটনা সাজিয়ে তাঁকে খুন করার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া কয়েকটি এনকাউন্টারের প্রসঙ্গও নিজের অভিযোগে তুলে ধরেছেন সুস্মিতা।

শুধু তাই নয়, পুলিশি হেফাজতে স্বামীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। সুস্মিতার দাবি, সুমিত শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ায় ঘুমের সময় বিশেষ একটি যন্ত্র ব্যবহার করতে হয়। কিন্তু পুলিশ তাঁকে সেই প্রয়োজনীয় চিকিৎসা-সুবিধা দিচ্ছে না। এমনকী নিয়মমাফিক ঘুমোনোর সুযোগও মিলছে না বলে অভিযোগ। তদন্তের অজুহাতে রাতের বেলায় তাঁকে বিভিন্ন অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সুমিতের স্ত্রী। তাঁর আশঙ্কা, এই ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে পুলিশ যে কোনও সময়ে সুমিতের ক্ষতি করতে পারে এবং পরবর্তী সময়ে সেই ঘটনাকে এনকাউন্টার বলে ব্যাখ্যা করতে পারে।

সুস্মিতার অভিযোগকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ করেছে রাজ্য মানবাধিকার কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের পাশাপাশি উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসি-কে নোটিস পাঠানো হয়েছে। পুলিশ সুপারকে কমিশনের স্পষ্ট নির্দেশ, সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তের প্রতিটি ধাপ আইন মেনে এবং মানবাধিকারের কথা মাথায় রেখে সম্পন্ন করতে হবে। তাঁর সঙ্গে কোনওভাবেই অমানবিক আচরণ করা যাবে না। একইসঙ্গে তাঁর শারীরিক অবস্থার যাতে অবনতি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুমিতের উপর জেলে কোনও ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন হচ্ছে, এমন আশঙ্কা যাতে তাঁর পরিবারের মধ্যে তৈরি না হয়, তা নিশ্চিত করার কথাও জানিয়েছে কমিশন। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় এর আগেও পুলিশি হেফাজতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এবার এক মৎস্য ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভয় দেখানো, তোলাবাজি, চুরি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.