রাজ্যে সরকার বদলের পর ফের গতি পেয়েছে দীর্ঘদিন আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্প। ইতিমধ্যেই প্রথম দফার কাজ সম্পন্ন হয়েছে। এবার শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ। এর জেরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একাধিক অংশে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।
আগের সরকারের আমলে ট্রাফিক সমস্যার কারণ দেখিয়ে এই মেট্রোর কাজ বন্ধ রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই জট কাটে এবং পুনরায় কাজ শুরু হয়। গত ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ওই সময়ে ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানো হয়। এবার দ্বিতীয় দফায় ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ করা হবে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা থেকে কাজ শুরু হবে এবং আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে। এই সময় বাইপাসের বিভিন্ন অংশে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
জানা গিয়েছে, বাইপাসের দক্ষিণমুখী লেনে গাড়ির গতি ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব দিকের রাস্তা বন্ধ থাকায় সল্টলেক, বিধাননগর ও বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে নতুন উত্তরমুখী রাস্তা ধরে যানবাহন চিংড়িঘাটার দিকে যাবে। সল্টলেকগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করতে হবে এবং সেগুলিকেও বিকল্প পথে চালানো হবে।
এছাড়াও দক্ষিণমুখী সমস্ত গাড়িকে চিংড়িঘাটা মোড় থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকের রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। তবে বাইপাসের দক্ষিণ দিকের মূল পথে যান চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছে প্রশাসন।
অন্যদিকে, নিউটাউন ও সল্টলেক থেকে বাইপাসমুখী গাড়ির ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ থাকছে। চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণে যেতে কেবল বাঁ দিকে মোড় নেওয়া যাবে। উত্তরমুখী ডানদিকে মোড় এই তিনদিন বন্ধ থাকবে। সেই কারণে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে হবে।







