পুজোর আগে কলকাতার রাস্তা সৌন্দর্যায়নের কাজে গাঢ় রং ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মোটরবাইক দুর্ঘটনার ঘটনাও সামনে আসে। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সেই রং মুছে ফেলতে বাধ্য হন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়েও ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করতে হল তাঁকে। পুরমন্ত্রী জানিয়েছেন, পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। তাই দক্ষিণ কলকাতায় বিকল্প হিসেবে ৫০টি ঘাট প্রস্তুত রাখা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশের পর থেকেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ রয়েছে। এমনকী, ২০২০ সালে এই দুই সরোবরে ছটপুজোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু সেখানেও ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়।
বুধবার গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শনের পর পুরমন্ত্রী জানিয়েছিলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে হিন্দুদের উৎসব বন্ধ রাখা হয়েছিল। বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই স্থানীয় বাসিন্দাদের স্বার্থে এ বছর রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দেওয়া হবে বলেও দাবি করেছিলেন তিনি।
পুরমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্যের পরিবেশবিদ ও আইনজীবীদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত, মোহিত রায় এবং সোমেন্দ্রমোহন ঘোষের মতো ব্যক্তিত্বরা গ্রিন ট্রাইবুনালের নির্দেশের কথা মনে করিয়ে দেন। পাশাপাশি, দক্ষিণ কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত রবীন্দ্র সরোবরে ছটপুজোর আয়োজন না করার জন্য কেএমডিএ-র কাছে আবেদন জানান তাঁরা।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়টি তুলে ধরে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর ঘাট তৈরি না করার আর্জি জানান ইঞ্জিনিয়াররাও। এ বিষয়ে নবান্নের কাছেও আবেদন জানানো হয়। পুণ্যার্থীদের জন্য পাটুলি, নোনাডাঙা, যোধপুর পার্ক ও পোদ্দারনগরে কীভাবে বিকল্প ঘাটের ব্যবস্থা করা হয়েছিল, তার বিস্তারিত তথ্যও পুরমন্ত্রীর কাছে পাঠান কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা।
এরপরেই বিকল্প ঘাট তৈরির পরিকল্পনায় জোর দেন পুরমন্ত্রী। সব মিলিয়ে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের পরিবর্তে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় মোট ৫০টি জলাশয় ও ঘাট প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।







