ইডেনে শনিবার সন্ধ্যায় প্রকৃতি যদি সহায় না হতো, তবে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের স্বপ্ন হয়তো ইতিমধ্যেই ছিন্নভিন্ন হয়ে যেত। ৯৫ রানে গুটিয়ে যাওয়া ব্যাটিং লাইনআপের সামনে ২০২ রান তাড়া করে জেতার স্বপ্ন দেখাটা বাস্তবে কঠিনই ছিল। এক পয়েন্ট পাওয়া মানে এখনও কেকেআরের আশার প্রদীপ জ্বলছে।
পঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম দেখাতেই ব্যর্থ হয়েছিল কেকেআর ব্যাটিং। সেই ধারাবাহিকতা বজায় রেখে ইডেনেও নিজেদের ব্যাটিংয়ের দৈন্যদশা স্পষ্ট করেছে তারা। আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের মতো অতীতের তারকাদের প্রতি অন্ধ ভরসার মাসুল দিতে হচ্ছে দলকে। পুরনো খ্যাতিতে মোড়া দুই ক্যারিবিয়ান তারকাকে ছাড়া যেন দলগঠন ভাবতেই পারছে না কেকেআর ম্যানেজমেন্ট। ফলে দুর্বল ফিল্ডিং, মাঝারি মানের বোলিং আর দিশাহীন ব্যাটিং মিলিয়ে হতাশার ছবি ফুটে উঠছে প্রতিটি ম্যাচে।
অধিনায়কত্বেও রাহানের একঘেয়েমি স্পষ্ট। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলিং পরিবর্তন— কোথাও নতুনত্বের ছাপ নেই। মাঠের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসিকতার অভাব পুরো দলের মনোবলকেও নিচের দিকে নামিয়ে আনছে। দল নির্বাচনেও কোনও কার্যকর কৌশল দেখতে পাওয়া যাচ্ছে না।
পঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ যেন ছেলেখেলা করলেন কেকেআরের বোলারদের সঙ্গে। বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী কেউই তাঁদের রুখতে পারলেন না। একমাত্র আন্দ্রে রাসেল কিছুটা সাফল্য পেলেও তাঁকে আক্রমণে ধরে রাখার বুদ্ধিমত্তা অধিনায়ক দেখাননি।
১ ওভারের ব্যাটিংয়ের পর শুরু হওয়া প্রবল বৃষ্টিই শেষ পর্যন্ত কেকেআরকে ডুবতে বাঁচাল। রাত ১১টার সময় আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। প্রশ্ন থেকেই যায়— যদি পুরো খেলা হতো, কেকেআর কি আদৌ জিততে পারত? আপাতত প্রকৃতির দয়ায় পাওয়া ১ পয়েন্টই প্লে-অফের ক্ষীণ আশাকে বাঁচিয়ে রাখল রাহানের দলকে।







