২০২৫ সালের শুরু থেকেই বারংবার মা উড়ালপুরে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞ আনা হচ্ছে। নতুন বছরের প্রথম মাসেই যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি গত মার্চে রক্ষণাবেক্ষণের জন্য ৫ ঘন্টা এই ফ্লাইওভারের বন্ধ করা হয়েছিল। এবার ফের এক মাস ধরে সাত ঘন্টার জন্য বন্ধ থাকবে এই ব্যস্ততম উড়ালপুর।
বর্তমানে যানজট এড়িয়ে নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে দাঁড়িয়েছে মা উড়ালপুর। তাই এখনকার সময় এই ফ্লাইওভার রাজ্যের অন্যতম ব্যস্ততম রাস্তা বলাই যায়। ২০২৫ এর জানুয়ারি মাসে কিছুদিনের জন্য রাতের বেলা যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে অবশ্য স্বাভাবিক করে দেওয়া হয় যান চলাচল। তবে উল্লেখজনক ভাবে এই উড়ালপুরে বেড়েই চলেছে দুর্ঘটনার প্রবণতা। যার জন্য চিন্তার ভাঁজ করেছে কলকাতা ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকদের মাথায়।
এবার এই দুর্ঘটনার প্রবণতা কমাতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা ট্রাফিক কন্ট্রোল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর ট্রাফিক কন্ট্রোল এই নিষেধাজ্ঞা বাতিল করে। পাশাপাশি মার্চ মাসে প্রতিদিন ৫ ঘন্টার জন্য বন্ধ রাখা হয় এই উড়ালপুর। তবে যান চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা যাওয়ায় কিছুদিনের মধ্যেই আবার চালু হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সড়ক পথ। এবার ফের আগামী সোমবার থেকে এক মাস পর্যন্ত ৭ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে এই মা উড়ালপুর। কোন পথে হবে যান চলাচল?
মা উড়ালপুলের মাধ্যমে ইএম বাইপাস থেকে শহরের পশ্চিম দিকে সংযোগ তৈরি হয়। তবে এই উড়ালপুল বন্ধ হলে সমস্ত গাড়ি ইএম বাইপাস থেকে পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার দিয়ে চলাচল করবে। মা ফ্লাইওভার বন্ধ থাকার খবরটা নিশ্চিত করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।







