মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার আবহে নতুন করে উত্তেজনা ছড়াল দুবাইয়ে। সোমবার ভোরে ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ রাখতে হল দুবাই বিমানবন্দরের বিমান পরিষেবা। ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিমান চলাচট্যাঙ্কারেরলেও প্রভাব পড়েছে।
সূত্রের খবর, ভোরের দিকে একটি ড্রোন বিমানবন্দরের ভেতরে থাকা একটি তেল উপর ভেঙে পড়ে। এরপরই সেখানে বড়সড় আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের জেরে বিমানবন্দরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে আপাতত সব ধরনের উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
এদিকে ইরানের পক্ষ থেকে জাতীয় টেলিভিশনে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, প্রয়োজনে দুবাই ও দোহার কিছু এলাকায় আরও হামলা চালানো হতে পারে। তেহরানের দাবি, ওইসব এলাকায় মার্কিন সেনা উপস্থিত থাকতে পারে। সেই কারণেই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করে মানচিত্র প্রকাশ করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই ঘটনার পর থেকেই দুবাই শহরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। অন্যদিকে সামাজিক মাধ্যমে বিমানবন্দরের আগুন লাগার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে।
ড্রোন হামলার জেরে বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। কোচি থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা একটি বিমানসহ একাধিক ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে খবর। বিমানবন্দর কর্তৃপক্ষ সংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানিয়েছে।
যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর সামনে আসেনি। তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধারকারী দল পরিস্থিতির উপর নজর রাখছে।







