কলকাতা

রেড রোডে ঘোড়ার ‘বনবাস’! ৪ বছর পরও কুচকাওয়াজে ফিরতে পারেনি কলকাতা পুলিশের মাউন্টেড ইউনিট

একটি ঘোড়ার কয়েক সেকেন্ডের ‘বিভ্রাট’—তার জেরেই কি টানা চার বছর ধরে রেড রোডের কুচকাওয়াজ থেকে দূরে কলকাতা পুলিশের মাউন্টেড ইউনিট? ২০২২ সালের সেই ঘটনার পর থেকে আর স্বাধীনতা দিবস কিংবা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা যায়নি কলকাতা পুলিশের সুসজ্জিত ঘোড়াদের।

ঘটনার কেন্দ্রে ছিল পুলিশের ঘোড়া ‘আইকনিক’। ২০২২ সালের ২৬ জানুয়ারি কুচকাওয়াজ চলাকালীন আচমকাই দল থেকে সরে গিয়ে মূল মঞ্চের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে সে। সেই সময় মঞ্চে ছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। কয়েক সেকেন্ডের মধ্যেই সওয়ার ঘোড়াটিকে ফের কুচকাওয়াজের লাইনে নিয়ে আসেন। তবে সেই ঘটনাই পরে রীতিমতো চর্চার কারণ হয়ে ওঠে।

তদন্তে জানা যায়, আসল কারণ ছিল রেড রোডের জায়ান্ট স্ক্রিন। সেখানে কুচকাওয়াজে অংশ নেওয়া ঘোড়াদেরই চলমান ছবি দেখানো হচ্ছিল। নিজের সামনে অন্য ঘোড়ার পাল এসেছে বলে ভুল করে ‘আইকনিক’ প্রায় ৯০ ডিগ্রি ঘুরে স্ক্রিনের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়েছিল। ততক্ষণে বাকিরা এগিয়ে যায়।

এর পর থেকেই কুচকাওয়াজে কলকাতা পুলিশের মাউন্টেড ইউনিটের জায়গা হয়নি। এবারও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেখা মেলেনি তাদের। যদিও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় কলকাতা পুলিশের একাধিক ঘোড়া পুরস্কার জিতেছে।

তাই এবার আশায় বুক বাঁধছেন মাউন্টেড পুলিশের আধিকারিকরা। তাঁদের লক্ষ্য ২০২৭ সালের সাধারণতন্ত্র দিবস। সবুজ সংকেত মিললে এখন থেকেই ঘোড়াগুলিকে সেই কুচকাওয়াজের জন্য প্রস্তুত করতে চান তাঁরা।

পুলিশের একাংশের মতে, মহড়ার সময় জায়ান্ট স্ক্রিন না থাকায় এমন সমস্যা হয়নি। তাই ভবিষ্যতে কুচকাওয়াজের অভিবাদন পর্ব চলাকালীন কয়েক মুহূর্তের জন্য জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার বন্ধ রাখা যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

অর্থাৎ, ‘আইকনিক’-এর সেই কয়েক সেকেন্ডের ভুলের পর এবার মাউন্টেড পুলিশের অপেক্ষা একটাই—রেড রোডে ফের কবে ছন্দ মিলিয়ে ছুটবে কলকাতা পুলিশের ঘোড়ার দল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.