মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। নভেম্বরের প্রথম দিনেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত হতে চলেছে পরিষেবা। রবিবার, ১ নভেম্বর, ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে ব্লু লাইনের একাংশে মেট্রো চলাচল। ফলে সমস্যায় পড়তে পারেন দক্ষিণ কলকাতার একাধিক মেট্রো স্টেশনের যাত্রীরা।
মেট্রো রেল সূত্রে খবর, নেতাজি ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ব্লক নেওয়া হয়েছে। এর জেরে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।
রবিবার দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো চলবে নির্ধারিত সময়সূচি মেনেই। সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনের সম্পূর্ণ অংশে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো চলবে না। রবিবার হওয়ায় পার্পল ও অরেঞ্জ লাইনেও পরিষেবা বন্ধ থাকবে। তাই যাত্রার আগে মেট্রোর সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।







