কলকাতা

ইএম বাইপাসে জলাভূমি ভরাটের অভিযোগ, তদন্তের আওতায় জাভেদ খান

ইএম বাইপাস সংলগ্ন এলাকায় জলাভূমি ভরাট, জমি দখল এবং বেআইনি আবাসন নির্মাণের অভিযোগ ঘিরে নতুন করে চর্চায় কসবার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন অগ্নিনির্বাপণ মন্ত্রী জাভেদ খান। অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিতর্কিত এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার কথা রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী কমিটির। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু।
অভিযোগ, ইএম বাইপাস সংলগ্ন একাধিক জলাশয় ও জলাভূমি বেআইনিভাবে বুজিয়ে বহুতল আবাসন ও বিভিন্ন নির্মাণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। পাশাপাশি, জমি দখল করে প্রোমোটিং এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া আবাসন নির্মাণের অভিযোগও উঠেছে। এই ঘটনাগুলির সঙ্গে জাভেদ খান ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত কয়েকটি আবাসন প্রকল্পের নাম জড়িয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
পরিবেশবিদদের মতে, পূর্ব কলকাতা জলাভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র শহরের নিকাশি ব্যবস্থা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বেআইনি ভরাট হলে পরিবেশের উপর গুরুতর প্রভাব পড়তে পারে।
এর আগে জলাভূমি ভরাট করে ধাবা ও বেকারি তৈরির অভিযোগেও তদন্তকারী দলের অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জাভেদ খানের পরিবারের সঙ্গে যুক্ত কয়েকটি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলেছিলেন।
এবার সরেজমিনে পরিদর্শনের পর তদন্তকারী কমিটি কী রিপোর্ট দেয় এবং পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.