লোকাল ট্রেনে সহযাত্রীর অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন এক তরুণী। আর সেই প্রতিবাদের জেরেই ঘটল ভয়াবহ ঘটনা। অভিযোগ, চলন্ত ট্রেন থেকে ওই তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেন এক যুবক। ট্রেনের চাকায় কাটা পড়ে বাদ দিতে হয়েছে তাঁর বাঁ হাত। মাথাতেও গুরুতর চোট পেয়েছেন তিনি। মুম্বইয়ের লোকাল ট্রেনে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোরিভলি থেকে ভিরারগামী লোকাল ট্রেনে সফর করছিলেন ওই তরুণী। তাঁর অভিযোগ, ট্রেনের মধ্যেই এক সহযাত্রী তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন। বারবার আপত্তি জানালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে নিজের জুতো খুলে ওই যুবককে মারেন তরুণী। এরপরই দু’জনের মধ্যে শুরু হয় তীব্র বচসা।
অভিযোগ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। কিন্তু তাতেও থামেননি অভিযুক্ত। উল্টে তরুণীকে গালিগালাজ করার পাশাপাশি নিজের জুতো খুলে তাঁর দিকে ছুড়ে মারেন বলে অভিযোগ। এর মধ্যেই ট্রেনটি নাইগাঁও স্টেশনে পৌঁছয়। সেই সময় আচমকাই তরুণীকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দেন অভিযুক্ত।
চাকায় কাটা পড়ল বাঁ হাত
ট্রেনের দুই কামরার মাঝামাঝি অংশে পড়ে যান তরুণী। কোনওরকমে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তার মধ্যেই ট্রেন চলতে শুরু করে। অভিযোগ, ট্রেনের চাকায় কাটা পড়ে গুরুতরভাবে জখম হয় তাঁর বাঁ হাত। শেষ পর্যন্ত কনুইয়ের কাছ থেকে হাতটি বাদ দিতে হয়। মাথাতেও গুরুতর আঘাত লাগে। সেখানে ১৬টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর স্টেশনে থাকা এক পুলিশ আধিকারিক এবং কয়েকজন যাত্রী তাঁকে উদ্ধার করে প্ল্যাটফর্মে নিয়ে আসেন। অন্যদিকে, ঘটনার পর ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তবে তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশ্যে লোকাল ট্রেনের মধ্যে এক তরুণীর সঙ্গে এমন ঘটনার অভিযোগ ঘিরে নতুন করে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।







