কালীপুজোর পর থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী। কখনও মেঘলা আকাশ, কখনও আবার ঝিরঝিরে বৃষ্টি। তবে কি এবার বৃষ্টির বিদায়বেলা? বাংলায় কি অবশেষে শীতের প্রবেশের প্রস্তুতি শুরু হয়ে গেল? বুধবারের বৃষ্টিতে একদিকে যেমন কলকাতার বাতাসে দূষণের মাত্রা অনেকটাই কমেছে, তেমনই অন্যদিকে তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকেই রাজ্যের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। কমবে বৃষ্টির সম্ভাবনা। যদিও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই।
কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।
শুক্রবার থেকেই বদলাবে আবহাওয়ার মেজাজ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার (১৩ নভেম্বর) থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই এলাকাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। শুধু তাই নয়, আগামী দু’দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সপ্তাহের শেষদিকে পারদ নেমে ১৯ থেকে ২০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। ফলে সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টির দাপট কমতেই বাংলায় শীতের প্রবেশের ইঙ্গিত মিলছে।
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা!
তবে বৃষ্টির মেঘ কাটার ইঙ্গিতের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বঙ্গোপসাগর। আবহাওয়া বিশেষজ্ঞদের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ১৩ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপ আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘আকভান’, নামটি দিয়েছে ইরান। ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগর এবং সংলগ্ন সমুদ্র এলাকায় আবহাওয়ার অবনতি হতে পারে। সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপকূলে কতটা পড়বে, তা এখনও নিশ্চিত নয়। ফলে আপাতত বৃষ্টির বিদায় এবং শীতের আগমনের অপেক্ষায় থাকলেও বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।







