উত্তরপ্রদেশে রাজনৈতিক শত্রুতার জেরে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ। ৩৫ বছর বয়সী কুস্তিগীর ব্রহ্মানন্দ যাদবকে প্রকাশ্য রাস্তায় হামলা চালিয়ে খুনের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার মোটরসাইকেলে করে যাওয়ার সময় ব্রহ্মানন্দের পথ আটকায় অভিযুক্তরা। অভিযোগ, প্রথমে তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছোড়া হয়। এরপর বাঁশ ও কুড়ুল দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আসন্ন গ্রাম প্রধান নির্বাচনকে কেন্দ্র করেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। ব্রহ্মানন্দের ভাই রামাকান্ত যাদবকে নির্বাচনে আটকাতেই তাঁকে নিশানা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত চলছে।
ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। রাজনৈতিক বিরোধের জেরে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।







