ডানকুনি ও কলকাতায় পরপর দুই ক্যাবচালক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। দুই ঘটনাতেই খুনের ধরন ছিল প্রায় একই। তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে সিরিয়াল কিলিংয়ের সম্ভাবনা দেখতে পায়। তবে মাত্র দু’দিনের মধ্যেই জোড়া খুনের রহস্যের সমাধান করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে তিন অভিযুক্তের সন্ধান মেলে। পরে কলকাতা পুলিশ, চন্দননগর কমিশনারেট ও ডানকুনি থানার যৌথ তৎপরতায় তিনজনকেই গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, লুঠপাটই ছিল খুনের মূল উদ্দেশ্য।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিনজন উত্তর শহরতলিতে একটি ‘লুঠেরা গ্যাং’ চালাত। যাত্রী সেজে ক্যাব বুক করত তারা। এরপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে চালকদের খুন করে তাঁদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা এবং সোনার গয়না ছিনিয়ে নিত। ধৃতদের মধ্যে একজন গাড়ি চালাতে জানে। অতীতে সে নিজেও ক্যাব চালাত বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।
অভিযোগ, রাতের দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের নির্জন অংশে চালকদের উপর হামলা চালাত অভিযুক্তরা। খুনের পর ক্যাব নিয়ে কলকাতায় এসে নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে পালিয়ে যেত তারা। যদিও চুরি করা গাড়িগুলি শেষ পর্যন্ত স্ক্র্যাপে বিক্রি করতে পারেনি অভিযুক্তরা।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ আরিয়ান, শেখ মনিরুল এবং শেখ সাহাদাত। এদের মধ্যে একজন মধ্য়মগ্রামের বাসিন্দা এবং বাকি দু’জন সোদপুরের বাসিন্দা। মধ্য়মগ্রামের সঙ্গে যোগ থাকার কারণে মূলত বিরাটি ও মধ্য়মগ্রাম এলাকার ক্যাবচালকরাই ছিল তাদের নিশানায়।
গত ৬ অক্টোবর ডানকুনির ভাদুয়ায় এক ব্যক্তির পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম রামজি কইরি। তিনি বিরাটির ক্যাবচালক ছিলেন। পরে মল্লিকবাজারের কাছ থেকে তাঁর ক্যাবটিও উদ্ধার করা হয়। এর পরদিন সকালে পূর্ব কলকাতার এন্টালি এলাকা থেকে মধ্য়মগ্রামের আর এক ক্যাবচালক ভগবানপ্রসাদ গুপ্তার দেহ উদ্ধার করে পুলিশ।
পরপর দুই ঘটনার পর তদন্তে নামে কলকাতা পুলিশ এবং চন্দননগর কমিশনারেট। ডানকুনি ও কলকাতার একাধিক এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মোবাইল ফোনের তথ্যও বিশ্লেষণ করা হয়। সেই সূত্রেই তিন অভিযুক্তের পরিচয় সামনে আসে।
গ্রেপ্তারের পর জেরায় পুলিশ জানতে পারে, লুঠপাটের সময় চালকেরা বাধা দেওয়ায় তাঁদের পা বেঁধে দেওয়া হত। এরপর তাঁদের খুন করে টাকা, গয়না ও অন্যান্য সামগ্রী লুঠ করত অভিযুক্তরা। প্রথম ঘটনায় চালকের দেহ ডানকুনির রাস্তায় ফেলে দেওয়া হলেও দ্বিতীয় ঘটনায় দেহটি সেখানে ফেলে যেতে পারেনি তারা।
বর্তমানে তিন অভিযুক্তই ডানকুনি থানার হেফাজতে রয়েছে। পরবর্তী সময়ে এন্টালি থানাও তাদের হেফাজতে নিয়ে তদন্ত করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।






