দুর্নীতির বিরুদ্ধে ফের বড় পদক্ষেপ তেলেঙ্গানার দুর্নীতি দমন শাখার। আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে রঙ্গারেড্ডি জেলার মৈনাবাদ মিউনিসিপ্যালিটির টাউন প্ল্যানিং অফিসার গুন্ডু বাণীর বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু হয়েছে। ১৬ ই নভেম্বর অভিযুক্ত আধিকারিকের বাড়ি, অফিস এবং তাঁর আত্মীয় ও সহযোগী সহ আটটি পৃথক স্থানে তল্লাশির পর প্রায় ৬.৭৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির উদ্ধার হয়।
এসিবি-র তল্লাশিতে যে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি চিহ্নিত হয়েছে, তার মধ্যে প্রায় ২.৪৫ কোটি মূল্যের একটি তিনতলা বাড়ি এবং ৬৩ লাখের একটি ফ্ল্যাট। পাশাপাশি মেহবুবনগর জেলায় ২৮৩.১১ বর্গগজ এবং জনগাঁও জেলায় ৪২৪ বর্গগজের দুটি খোলা প্লটের সন্ধান মিলেছে, যার সম্মিলিত আনুমানিক মূল্য ৮৭.৬৭ লাখ টাকা। পাশাপাশি মেহবুবনগরে ২৯.৭০ লাখ টাকা মূল্যের ১.১০ একর কৃষি জমিরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তবে এসিবি জানান, এই সম্পত্তিগুলোর বর্তমান বাজারমূল্য সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি হতে পারে।
স্থাবর সম্পত্তির পাশাপাশি তল্লাশিতে বিপুল পরিমাণ অস্থাবর সম্পত্তি এবং বিনিয়োগেরও প্রমাণ মিলেছে। কর্মকর্তারা নগদ ৫.৪৭ লাখ টাকা ও ব্যাংক অ্যাকাউন্টে ৭.৯৭ লাখ টাকা ছাড়াও বিভিন্ন কোম্পানিতে ১.৩০ কোটি টাকার শেয়ার এবং মেহবুবনগরের ‘তুলজা ভবানী ওয়াইনস’-এ ৫০ লাখ টাকার বিনিয়োগের নথি উদ্ধার করেছেন। একইসাথে ৫০ লাখ টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি , প্রায় ১৭৫.১ গ্রাম স্বর্ণালঙ্কার এবং ৫.১০ লাখ টাকার গৃহস্থালি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, গুন্ডু বাণী এর আগেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। গত সেপ্টেম্বর মাসে মৈনাবাদ মিউনিসিপ্যালিটি অফিসে কর্মরত থাকাকালীন এক পঞ্চায়েত সচিবের মাধ্যমে ৭৫,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় এসিবি-র পাতা ফাঁদে ধরা পড়েন তিনি এবং সেই মামলায় বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের (২০১৮ সালে সংশোধিত) ১৩(১)(বি) এবং ১৩(২) ধারায় তাঁর বিরুদ্ধে নতুন এই মামলা রুজু করা হয়েছে। পিটি ওয়ারেন্টের মাধ্যমে তাঁকে হায়দরাবাদের বিশেষ আদালতে পেশ করা হবে এবং তাঁর নামে আরও কোনো বেনামি সম্পত্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে এসিবি।







