দিল্লিতে ফের নৃশংস হত্যাকাণ্ড। পোশাকের শোরুমের ট্রায়াল রুমের ভিতর ১৮ বছরের এক তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় মূল অভিযুক্ত সুরজকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম শবনম। পশ্চিম দিল্লিতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমে কাজ করতেন শবনম। শনিবার সন্ধ্যায় তাঁর কাজের শিফট শেষ হওয়ার কিছুক্ষণ আগে শোরুমে ঢোকে অভিযুক্ত সুরজ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শোরুমে ঢুকেই শবনমের উপর চড়াও হয় ওই যুবক। তাঁকে মারধর করার পাশাপাশি চুলের মুঠি ধরে টেনে দাঁড় করায়। এরপর জোর করে টেনেহিঁচড়ে ট্রায়াল রুমের ভিতরে নিয়ে যায়। পরে সেখান থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ।
শনিবার রাত ৯টা নাগাদ শোরুম বন্ধ করার আগে ট্রায়াল রুম পরীক্ষা করতে গিয়ে কর্মীরা শবনমকে মৃত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি অভিযুক্তের।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শবনম ও সুরজ পূর্বপরিচিত ছিলেন। তাঁদের মধ্যে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পরে বিচ্ছেদ হয়। একতরফা প্রেম নাকি ব্যক্তিগত বিবাদ, কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা।







