কলকাতার হরিদেবপুরে মর্মান্তিক ঘটনা। দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ চালাতে পারছিলেন না ছেলে। আর সেই আর্থিক চাপের জেরেই মাকে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। হরিদেবপুর থানা এলাকার লাল মসজিদের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই মহিলা। তাঁর চিকিৎসার দায়িত্ব ছিল ছেলের উপর। কিন্তু চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি বলে খবর। অভিযোগ, শেষ পর্যন্ত মাকে শ্বাসরোধ করে খুন করেন ছেলে।
ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কী কারণে এই ঘটনা ঘটল, তার নেপথ্যে ঠিক কী পরিস্থিতি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং ঘটনার বিস্তারিত তথ্য তদন্তের পরই স্পষ্ট হবে।







