গান গেয়ে মোটা টাকা উপার্জনের সুযোগ—এই প্রলোভনেই নাবালিকাকে হোটেলে নিয়ে যাওয়ার অভিযোগ। কিন্তু সেখানে পৌঁছনোর পরই বদলে যায় পরিস্থিতি। অভিযোগ, একটি ঘরে তাঁকে আটকে রেখে যৌন ব্যবসায় নামানোর পরিকল্পনা করা হয়েছিল। শেষ পর্যন্ত এক পরিচিত ব্যক্তিকে কোনওভাবে খবর দিতে সক্ষম হন নাবালিকা। সেই খবরের ভিত্তিতে গড়ফার একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করল কলকাতা পুলিশ। ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন আশিস ভরদ্বাজ, শেখ সাহাবুদ্দিন, মুজ্জাফর হোসেন এবং স্বরূপ দাস। তদন্তকারীদের দাবি, নাবালিকা আগে একটি পানশালায় গান গাইতেন। সেই সূত্রেই অভিযুক্তদের নজরে পড়েন তিনি। গড়ফার একটি হোটেলে গান গাওয়ার কাজ রয়েছে এবং তার জন্য মোটা পারিশ্রমিক দেওয়া হবে—এই প্রস্তাবেই তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
তবে হোটেলে পৌঁছনোর পর তাঁকে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নাবালিকাকে যৌন ব্যবসায় নামানোর পরিকল্পনা করা হয়েছিল। এমনকি তাঁর জন্য খদ্দের খোঁজার চেষ্টাও চলছিল বলে তদন্তকারীদের দাবি।
এর মধ্যেই কোনওভাবে এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন নাবালিকা। ফোনে নিজের পরিস্থিতির কথা জানিয়ে সাহায্য চান তিনি। খবর পেয়েই পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর গড়ফার ওই হোটেলে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে কলকাতা পুলিশ।
ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পাশাপাশি, ওই হোটেলকে কেন্দ্র করে আরও কোনও বড় চক্র কাজ করছিল কি না, কিংবা নাবালিকাকে আটকে রাখার ঘটনায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না—সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার নেপথ্যে থাকা পুরো নেটওয়ার্কের সন্ধানেই এখন তদন্তকারীদের নজর।







