আইনি জটিলতা আরও বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। একটি মামলা বাদে অন্য কোনও মামলাতেই মিলল না আইনি রক্ষাকবচ। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে শুনানির পর সুমিতের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি। এর আগে শালবনি জমি দুর্নীতি মামলায় অবশ্য তাঁকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু বাকি চারটি মামলায়, যেখানে তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে, সেখানে আগাম অন্তর্বর্তী জামিন পেলেন না তিনি।
প্রথমে শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সুমিত রায়কে। পরবর্তী সময়ে আরও চারটি পৃথক মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায় রাজ্যের তদন্তকারী সংস্থা। বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতিতে আইনি সুরক্ষার দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের আপ্তসহায়ক। আদালতের কাছে তাঁর মূলত দুটি আবেদন ছিল। প্রথমত, তাঁর বিরুদ্ধে যাতে নতুন করে কোনও ফৌজদারি মামলা দায়ের করা না হয়, সেই নির্দেশ চেয়েছিলেন তিনি। দ্বিতীয়ত, ইতিমধ্যে যে মামলাগুলিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেগুলিতে যাতে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করা হয়, সেই আবেদনও জানান।
বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হয়। সুমিতের আইনজীবী আদালতে যুক্তি দেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে চলা মামলাগুলির কয়েকটি ছয় থেকে আট বছরের পুরনো। সেগুলির বর্তমান প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই যুক্তিতেই আইনি রক্ষাকবচের আবেদন জানানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই আর্জি মঞ্জুর করেনি আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদন খারিজ করে দেন।
হাই কোর্টের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, বিচারব্যবস্থা কখনও শাসকদলের হয়ে এবং বিরোধীদের বিরুদ্ধে কাজ করতে পারে না। তাঁর অভিযোগ, মনে হচ্ছে আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরাই অগ্রাধিকার পাচ্ছেন। অন্যদিকে বিরোধীদের প্রতিটি ক্ষেত্রে আইনি স্বস্তির জন্য লড়াই চালিয়ে যেতে হচ্ছে। সংবিধানের নীতি মেনেই কি এই ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
অন্যদিকে, সিআইডি হেফাজতে থাকাকালীন সুমিতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী। হেফাজতে তাঁর স্বামীর জীবন সংশয়ের আশঙ্কা করে আগেই মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার হাই কোর্ট থেকেও আইনি রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ায় সুমিত রায়ের আইনি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।







