জেলা

রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে

রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা হল, অথচ কোনও পরীক্ষা ছাড়াই হাতে ধরিয়ে দেওয়া হল রিপোর্ট! তাও আবার মনগড়া তথ্য দিয়ে। বর্ধমানের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এমনই চাঞ্চল্যকর অনিয়মের পর্দাফাঁস করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। রোগীর আত্মীয়ের ছদ্মবেশে আচমকা সেখানে পৌঁছে নিজেই পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আপাতত খোসবাগানের দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন।

বর্তমানে ওই কমিশনের দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। মঙ্গলবার থেকে তাঁর নেতৃত্বে বর্ধমানের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন চলছে। একাধিক জায়গায় পরিষেবা সংক্রান্ত অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কয়েকটি নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে বুধবারের অভিযানে যে ঘটনা সামনে আসে, তা কার্যত চোখ কপালে তুলে দেওয়ার মতো। বর্ধমানের ডাক্তারপাড়া হিসেবে পরিচিত খোসবাগান এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের পরিষেবা যাচাই করতে অভিনব কৌশল নেন কমিশনের চেয়ারম্যান। টোটোয় চেপে এক সহযোগীকে সঙ্গে নিয়ে সাধারণ রোগীর আত্মীয়ের মতো সেখানে পৌঁছন তিনি।

জানা গিয়েছে, ওই সহযোগী কয়েক দিন আগেই কলকাতার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করিয়েছিলেন। সেই রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়েই বর্ধমানের ওই সেন্টারে নতুন করে নমুনা দেন তিনি। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তাঁর হাতে একটি রিপোর্ট তুলে দেওয়া হয়। কিন্তু কলকাতার আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের বিস্তর অমিল নজরে আসে।

এর পরেই সেন্টারের কর্মীদের কাছে বিষয়টি জানতে চান তিনি। অভিযোগ, জিজ্ঞাসাবাদের মুখে কর্মীরা স্বীকার করেন, সেই সময় সেখানে কোনও চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। এমনকি যথাযথ পরীক্ষা না করেই অনুমানের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।

ঘটনা জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেন বিশ্বজিৎ বসু। তাঁর বক্তব্য, পরীক্ষার রিপোর্টই যদি নির্ভরযোগ্য না হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সঠিক চিকিৎসা পাবেন? স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এমন গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

এই ঘটনার পর খোসবাগানের দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই অভিযানে বর্ধমানের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মান ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের চিকিৎসার সঙ্গে যুক্ত পরীক্ষার রিপোর্টে এমন অনিয়মের অভিযোগ কতটা গুরুতর, তা এই ঘটনাতেই স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.