সেন্ট্রাল এভিনিউ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনা ঘটে। এরপর ফের কলকাতার এয়ারপোর্ট থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার বিমানবন্দর থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। ঘটনায় আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে এয়ারপোর্ট সংলগ্ন কৈখালি এলাকায়।
লোকসভা নির্বাচনে ঠিক আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম এনামুল শেখ। এই অভিযুক্ত এক কুখ্যাত দুষ্কৃতী নামে পরিচিত এলাকায়। বহুদিন ধরে এই দুষ্কৃতি বাড়ি ভাড়া করে ছিল নিউটাউন এলাকায়। গতকাল ওই অভিযুক্ত কোনো এক নাশকতার উদ্দেশ্য নিয়ে বিমানবন্দর চত্বরে ঘোরাঘুরি করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানে গ্রেফতার হয় দুষ্কৃতি। পাশাপাশি পুলিশ ধৃতের থেকে বাজেয়াপ্ত করে একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এরপর আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। ১৪দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ খতিয়ে দেখছে কোথা থেকে পেল এই আগ্নেয়াস্ত্রগুলি। এই দুষ্কৃতীর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, সেই বিষয়ে তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।







