কলকাতার ‘লাইফলাইন’ বলেই খ্যাত মেট্রো এবার বৃষ্টির জেরে বড় বিপাকে। রাতভর টানা বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকেই শহরের পরিবহণ ব্যবস্থা অচল হয়ে পড়ে। রাস্তায় জল জমে গাড়ি, বাস চলাচল ব্যাহত। লোকাল ট্রেনও দেরিতে চলছে। যাত্রীরা তাই ভরসা রেখেছিলেন মেট্রোর ওপর। কিন্তু হতাশ হতে হল সেখানেও।
জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে মেট্রোর লাইনে জল ঢুকে যায়। ফলে মাস্টারদা সূর্য সেন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। যদিও পরে শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত মেট্রো চালু হয়। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙা পথে ট্রেন চলছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত পরিস্থিতি সামলাতে পাম্প বসিয়ে জল বার করার কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত জায়গায় আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে এই বিপর্যয়ে যাত্রীদের অবস্থা শোচনীয়। কেউ স্টেশন গিয়ে শুনছেন ট্রেন নেই, আবার কারও গন্তব্যে পৌঁছতে মাঝপথে নেমে বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে।
শহরের চিত্রও কম ভয়াবহ নয়। উত্তর থেকে দক্ষিণ— প্রায় সব এলাকাতেই জল জমে গিয়েছে। এমনকি যেসব রাস্তায় সাধারণত জল দাঁড়ায় না, সেগুলিও এ বার ডুবে গিয়েছে। বহু বাড়ি ও গাড়ি জলের তলায়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জল বার করার চেষ্টা শুরু হলেও অব্যাহত বৃষ্টিতে স্বস্তি মিলছে না।







