কলকাতা: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কলকাতা পুলিশের নারকোটিক সেল। শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে ৪১.১৮২ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করার পাশাপাশি চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ ৫৯ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রেল স্টেশন এবং স্মার্ট বাজারের কাছে পরপর দু’টি পর্যায়ে অভিযান চালানো হয়। অভিযানে চারটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি চারটি মোবাইল ফোন এবং নগদ ১,২৬৪ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ভুবনেশ্বর থেকে এই মাদকের চালান কলকাতায় আনা হয়েছিল। শহরের বিভিন্ন মাদক কারবারির কাছে তা সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের।
মাদক পাচার চক্রের শিকড় উপড়ে ফেলতে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।







