আসানসোল: সাধুর ছদ্মবেশে ভয়ঙ্কর ছিনতাই! পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ চাঞ্চল্যকর একটি ছিনতাই কাণ্ডে ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা উত্তরাখণ্ড ও হরিয়ানার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনা ঘটে সোমবার, যখন ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণা বাউরি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দিয়ে ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের কাছে ওই চারজন সাধুবেশে থাকা ব্যক্তি ‘আশীর্বাদ’ দেওয়ার নাম করে তাঁর স্ত্রীর গলা থেকে সোনার মঙ্গলসূত্র ছিনতাই করে একটি চারচাকা গাড়িতে কলকাতার দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পরেই কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে। গাড়ির নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পারে, সেই চারচাকা গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকেই ফিরছে। এরপরেই মেলাকোলা সংলগ্ন এলাকায় শুরু হয় নাকা তল্লাশি। সেখান থেকেই গাড়িসহ চারজনকে আটক করে পুলিশ।
ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ধরনের আরও ছিনতাই চক্রের হদিস পাওয়ার চেষ্টা চলছে। সাধুবেশে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।
সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাতে পারে পুলিশ।







