Z ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার কোচবিহারে সফরকালে নিউ কোচবিহার স্টেশন চত্বরে বিক্ষোভে সামিল হন তৃণমূল সমর্থকরা। অভিযোগ, খাগড়াবাড়ির রাস্তা দিয়ে শহরে ঢোকার মুখে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে প্রথমে দেখানো হয় কালো পতাকা, পরে শুরু হয় ইটবৃষ্টি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই হামলার দৃশ্য। বিজেপির দাবি, পরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে, আর পুলিশের ভূমিকা ছিল পুরোপুরি নিষ্ক্রিয় ও ঢিলেঢালা।
এই ঘটনার পরই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে উদ্দেশ করে চিঠি পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি মনে করিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ মেনে তাঁকে Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশ মেনেই তিনি তাঁর কর্মসূচি পালন করছেন। অথচ আদালতের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলেই অভিযোগ উঠছে।
শুভেন্দুর আইনজীবী অনীশ মুখোপাধ্যায় ইতিমধ্যেই ডিজিপি ও মুখ্যসচিবকে চিঠি দিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, আদালতের নির্দেশ কার্যকর হয়নি, তাই এত বড় নিরাপত্তার ভাঙন দেখা গেল।
ঘটনার পর প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন, “গাড়ির সামনের কাচ ভাঙা যায়নি ঠিকই, কিন্তু পেছনের কাচ পাথর ছুড়ে ভাঙা হয়েছে। এটা সাধারণ গাড়ি নয়, এটা কনভয়ের অংশ। এটা কেবল হামলা নয়, আমাকে খুনের চেষ্টা ছিল এটা। বুলেটপ্রুফ গাড়ি না থাকলে কী হতো ভাবতে পারছি না!”
ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, রাজ্য প্রশাসন ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা শিথিল করেছে। একজন সাংবিধানিক পদাধিকারীর উপর এভাবে প্রকাশ্যে হামলা রাজ্যে আইনশৃঙ্খলার ভয়াবহ দশা স্পষ্ট করে দিচ্ছে।







