গতকালই বনমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিকের সল্টলেকের অরণ্যভবনে ইডি হানা দিয়েছিল। এমনকি বনদপ্তরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি চালাচ্ছিলেন আধিকারিকরা। বনদপ্তরের অফিসটি ঘিরে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীতে।
আর আজ সাতসকালে ঘুম থেকে তুলে আসানসোলের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলার সোহরাব আলির বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছে আয়কর দফতরের আধিকারিকরা। সাতদিনের ব্যবধানে এবার সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর।সূত্রের খবর, সকাল থেকে বাইরনের গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইরনের বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূমের একাধিক এলাকাতেও চলছে আয়করের হানা।
সূত্রের খবর, এদিন সকাল সাতটা নাগাদ পেশায় ব্যাবসায়ী বাইরনের সাগরদিঘির বাড়িতে পৌঁছন আয়কর আধিকারিকরা। অভিযোগ,, দীর্ঘদিন ধরে কর ফাঁকি দেওয়ার কারণেই এই তল্লাশি অভিযান। এ ব্যাপারে সরাসরি বাইরনের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের নেতারা।
তৃণমূলের বক্তব্য, “সামনে লোকসভা ভোট। ভোট যত এগিয়ে আসবে এই ধরনের অভিযান বাড়িয়ে বিরোধীদের ঘায়েল করতে চাইবে বিজেপি। মানুষকে নিয়ে গণতান্ত্রিক উপায়ে এর মোকাবিলা করা হবে বলে আগেই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাও।”







