রাজনীতি

ছটপুজোর মঞ্চ থেকে বাম ও তৃণমূলকে নিশানা শুভেন্দুর, ‘কমিউনিস্ট ও জামাতিদের শেষ করব’

বাংলার ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বামেদের নাস্তিকতা এবং তৃণমূলের ‘জামাত-প্রীতি’ নিয়ে প্রশ্ন তুলে আগের দুই সরকারকে আক্রমণ করলেন তিনি। শুভেন্দুর অভিযোগ, পুজো-পার্বণ নিয়েও বিভাজনের রাজনীতি করত পূর্বতন সরকার। ভাষার অজুহাতে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালানো হয়েছিল।

বৃহস্পতিবার ছটপুজোর আগে হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই আগের তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, “আগের সরকারের কাজই ছিল ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করা। বিহার, উত্তরপ্রদেশ কিংবা মারাঠিদের বহিরাগত বলা হত। অথচ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জামাই আদর করা হত।” তাঁর আরও প্রশ্ন, তৃণমূলের নেতারা কখনও মুসলিমদের মধ্যে উর্দুভাষী ও বাংলাভাষীদের আলাদা করে দেখেননি। অথচ বিজেপিকে অবাঙালিদের দল বলে প্রচার করা হয়েছে।

তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে শুভেন্দু বলেন, গত ১৫ বছরে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরাকে ধ্বংস করা হয়েছে। তাঁর দাবি, পিতৃপক্ষের সময় কাঁচি নিয়ে রাস্তায় নামা হত, আবার রামনবমীর মিছিলে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে। নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনী ফলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর দাবি, সংখ্যালঘুদের সমর্থনও যে সরকারের দিকে নেই, তা স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় মৌলবাদ ও জঙ্গিবাদের কোনও স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুভেন্দুর কথায়, আগে ছটপুজোকে বিহারের, রামনবমীকে উত্তরপ্রদেশের উৎসব বলে প্রচার করে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হত। কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের সনাতনীরা একসঙ্গে সমস্ত উৎসব পালন করছেন। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, রামনবমী থেকে ছটপুজো—সব উৎসবই সনাতনীদের কাছে সমান গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ‘বহিরাগত’ তত্ত্বকে হাতিয়ার করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দাবি, ২০২৬ সালের নির্বাচনে সেই কৌশল আর কাজে আসেনি। তাঁর বক্তব্য, “যাঁরা বিভাজনের রাজনীতি করতে চেয়েছিলেন, তাঁদের সবাইকে ভেঙে দিয়েছি।”

এদিনের সভা থেকে আর্থিক দুর্নীতির অভিযোগেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভাষার নামে সনাতনীদের বিভক্ত করে ১৫ বছর ধরে রাজত্ব চালানোর পাশাপাশি ২০-৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে। শুভেন্দুর হুঁশিয়ারি, “কাউকে ছাড়ব না। সবাইকে জেলে ঢোকাব। সবে ছ’মাস হয়েছে, আরও অনেক কিছু দেখা বাকি।”

বাম ও জামাতপন্থীদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “কমিউনিস্ট এবং জামাতি সবাইকে শেষ করব। কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না।” উল্লেখযোগ্যভাবে, বক্তব্যের শেষে তিনবার ‘ছটি মাইয়া কি জয়’ স্লোগান দিতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.