বর্ধমানের সভা থেকে ফেরার পথে গতকাল মাথায় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্য়ায় । গোদা থেকে দেড়শ মিটার দূরে জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। আর এই দুর্ঘটনা প্রসঙ্গে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ
দুর্ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন , “গাড়ির গতি ভারতে ২০০ কিলোমিটার হয় কি না, জানা নেই। ওঁর এত দুর্ঘটনার ভয় কেন জানি না। উনি বিমানে চড়লে দুর্ঘটনার ভয়। উনি গাড়িতে চড়লে দুর্ঘটনার ভয়। কেন এরকম হচ্ছে? শুধু খবর করার জন্য? যদি সত্যিই এরকম হয় তাহলে বলব ভগবানের আশীর্বাদ। উনি বেঁচে গেছেন। উনি তো পুলিশ মন্ত্রী। ট্রাফিক ওঁর হাতেই। উনি যদি সুরক্ষিত না হন, বাকিদের কী অবস্থা হবে? ২০০ বা ৩০০ প্রশ্ন নয়। ট্রাফিক কতোটা কন্ট্রোলে তা নিয়ে চিন্তা আছে। রাজ্যে উনিই নিরাপদে নেই, ভাবুন সাধারণ মানুষের অবস্থা কী! জোটের ধাক্কা বা গাড়ির ধাক্কা শুধু নয়, আসলে মোদি যে ধাক্কা দিয়েছেন তা সামলাতে পারছেন না ভাল করে।”
দুর্ঘটনা প্রসঙ্গে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি জানি না একটা কোনও গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটাকে। আমরা বেরোচ্ছিলাম। আর ওই গাড়িটা প্রায় ২০০ স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত। এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটাই এসে মাথায় লেগেছে। তখন একটা প্রচণ্ড ধাক্কা লেগেছে এবং কিছুটা রক্তও পড়েছে। এবং কিছুটা ফুলেও আছে। এখন যেমন সারা মাথায় ব্যথা হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি।’’







