ছট পূজার উৎসবের আবহেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বড়সড় চুরির ঘটনা খোদ বিহারের মন্ত্রী সঞ্জয় টাইগারের পাটনার বাসভবনে। পাটনার শাস্ত্রী নগর থানার অন্তর্গত এজি কলোনির B-20 নম্বর বহুতল ভবন থেকে প্রায় ৬০০ গ্রাম সোনা, ২ কেজি রুপো এবং নগদ ৭ লক্ষ টাকা সহ লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দুষ্কৃতীদের।
পুলিশ সূত্রে খবর, গত ১৪ ও ১৫ নভেম্বরের মধ্যবর্তী রাতে এই চুরির ঘটনাটি ঘটে। ছট পূজা উপলক্ষে মন্ত্রীর পরিবারের সদস্যরা বাইরে থাকায় বাড়িটি কার্যত ফাঁকাই ছিল। ওই বহুতল ভবনে মন্ত্রীর পাশাপাশি তাঁর তিন ভাইও আলাদা ফ্ল্যাটে বসবাস করেন। রবিবার সকাল ৯টা নাগাদ বিষয়টি জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগ, চোরেরা ফ্ল্যাটের সাত থেকে আটটি আলমারি ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শাস্ত্রী নগর থানার পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞ দল। সচিবালয়ের এসডিপিও-২ সাকেত কুমার সোমবার জানান, সিসিটিভি ফুটেজে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে ভবনে ঢুকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে।
তবে উৎসবের মরশুমে এলাকায় পুলিশি টহল থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা মন্ত্রীর বাড়িতে ঢুকে এত বড় চুরি করল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।







